
কক্সবাজারে চলতি বছরের প্রথম আট মাসে বিভিন্ন অপরাধে ৩ হাজার ৩৯৯টি মামলা হয়েছে। একই সময়ে মাদক আইনে ৩৭ লাখের বেশি ইয়াবা উদ্ধার, বিশেষ অভিযানে ৩১৫ জনকে গ্রেপ্তার এবং সংঘবদ্ধ ডাকাত চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।
জেলা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৩ হাজার ৩৯৯টি মামলা হয়েছে। গত বছরের একই সময়ে মামলা হয়েছিল ৩ হাজার ১১৭টি। অর্থাৎ এক বছরে মামলা বেড়েছে ২৮২টি।
চলতি বছরের আট মাসে মাদক আইনে ১ হাজার ৪৯টি মামলা হয়েছে। এসব মামলায় ৫২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৩৭ লাখ ৩ হাজার ২৪১ পিস ইয়াবা, ৩ হাজার ৬৭ লিটার দেশীয় মদ, ৬২ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ৫৪ বোতল বিয়ার ও ১ কেজি ২৫০ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়েছে।
এ সময়ে চোরাচালানের ১০২টি মামলা হয়েছে, যা গত বছরের একই সময়ের ৪৯টির তুলনায় বেশি। এছাড়া খুনের মামলা হয়েছে ৯৭টি, ডাকাতির ১৪টি, দস্যুতার ২৩টি, চুরির ১৬০টি এবং অপহরণের ৪৭টি।
পুলিশ সুপার জানান, ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ অভিযানে ৩১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১৬৩ জন ছিনতাইকারী, ১০৪ জন মাদকসেবী এবং ৪৮ জন চোর।
প্রেস ব্রিফিংয়ে মহাসড়কে সংঘবদ্ধ ডাকাত চক্রের বিরুদ্ধে অভিযানের তথ্যও তুলে ধরা হয়। পুলিশের দাবি, চক্রটি মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের রং ও নম্বরপ্লেট পরিবর্তন করে ডাকাতি করত। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ৩০টির বেশি মামলার আসামি হিসেবে পরিচিত বাদল ডাকাতসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া অস্ত্র আইনে ৬২টি মামলায় ৮০ জনকে গ্রেপ্তার এবং ৮৩টি আগ্নেয়াস্ত্র ও ১ হাজার ২২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
পুলিশ সুপার বলেন, পর্যটন এলাকা ও মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ মানুষ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।